Showing posts with label শাহরিয়ার জাওয়াদ. Show all posts
Showing posts with label শাহরিয়ার জাওয়াদ. Show all posts

নীল যেখানে........শাহরিয়ার জাওয়াদ

নীল যেখানে........শাহরিয়ার জাওয়াদ
ধূসর বালুকাবেলা পেরিয়ে অনেকটা নীল
যে নীল মিশে গিয়েছে দিগন্তে;
যতদূর চোখ যায়- সে কী ভীষণ নীল!
হঠাৎ সমুদ্র!
তীরের ধূসর বালিতে আছড়ে পড়ে ঢেউ
সে কী দারুণ উল্লাস নীলের,
খোলা আকাশের নিচে তখন মনে হয়...
তুচ্ছ আমি, অতি ক্ষুদ্র!

মাঝে মাঝে মনে হয়-
আমি নাবিক হবো;
জাহাজের ডেকে আছড়ে পড়বে
উন্মত্ত ঢেউ।
কিংবা বেহালা কাঁধে কোন
নিঃসঙ্গ যুবক;
উড়তে থাকা সীগালের ঝাঁক ছাড়া
বেহালার সুর শুনবার নেই কেউ!

কখনো আবার বলিষ্ঠ পেশির
এক মধ্যবয়স্ক জেলে;
ভয়ঙ্কর উন্মত্ত নীলের সাথে যুদ্ধ করে
যে বেঁচে থাকে।
কিংবা ওই অ্যালবেট্রস পাখিটা
যার কালো ডানায় ভর করে
কোন আশাহত নাবিক
                                                                                                                                       তার স্বপ্ন আগলে রাখে!

উড়ে যাব আমি এই লোকালয় ছেড়ে
উড়ে যাব আমি সেই অসীম নীলে,
হয়তো কোন নিঃসঙ্গ নাবিক-
নয়তো কোন অ্যালবেট্রসের ডানায় চড়ে;
এই নগর, এই শহর...
অন্তত আমার জন্য নয়।
চলে যাব দূরে- অসীম নীল যেখানে
ফিরবো না আর এই লোকালয়ে, মানুষের ভীড়ে!

চত্বর এবং বিবিধ....................শাহরিয়ার জাওয়াদ

চত্বর এবং বিবিধ....................শাহরিয়ার জাওয়াদ
এটা একটা চত্বরের গল্প-
কংক্রিটে মোড়া ধূসর একটা চত্বর।
তারুণ্যের সে কী দাপট তখন
সাক্ষী দেয়ালের প্রতিটি প্রস্থর!

এটা হয়তো তারুণ্যের গল্প-
সে কী তেজ, ঠিক যেন অগ্নিপিণ্ড!
জ্বালিয়ে ভস্ম করে দেয় সবকিছু
দম ফেলবার ফুসরত নেই একদণ্ড।

এটা হয়তো আনন্দের গল্প-
অনেকে খুলত গল্পের ঝাঁপি, অঙ্কন,
কবিতা, গান, অভিনয় আর কিছু
বলিষ্ঠ আঙ্গুল তুলত গিটারের তারে কম্পন!

দেয়ালে দেয়ালে আঁকা হতো

শত সহস্র রঙিন গ্রাফিতি;
কখনো তা হতো প্রতিবাদের ভাষা
আবার কখনো বাড়াত সম্প্রীতি।

বেশ তো ছিল ধূসর চত্বর-
হাজারো রঙে পড়েছিল ঢাকা,
হঠাৎ সবই পালটে গেল
নিমেষমাত্রেই সবই ফাঁকা।

কেউ আর খোলেনা তার গল্পের ঝাঁপি
কেউ আর গায় না গান; কবিতাটাও ঠিক জমে না।
অগ্নিপিণ্ড আজ নিজেই ভস্ম যেন
গিটারের তার আর কাঁপে না।
চুপচাপ এক বৃদ্ধ চত্বর নীরবে ঝিমোতে থাকে
দেয়ালে ফাঁকে জন্মেছে মস, ক্রমেই বাড়ছে তাতে।
ভয়াবহ এ নিঃসঙ্গতা, অসহ্য মনে হয়
এরই মাঝে আজও দেয়ালের গ্রাফিতিরা জেগে রয়!

আমি এবং আমি (পর্ব ২) শাহরিয়ার জাওয়াদ

আমি এবং আমি (পর্ব ২)                       শাহরিয়ার জাওয়াদ
(গত সংখ্যার পর)
ঘুম ভেঙ্গে গেলো। জানালা গলে ভোরের নরম আলো আসছে। আমি সারা গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছি আমার পরিচিত বিছানায়। আমার নিজের ঘরে। শোয়ার ভঙ্গিটা একটু অন্যরকম। চিত হয়ে শুয়ে বুকের ওপর দুই হাত ভাজ করে রাখা। আমি সাধারণত এভাবে ঘুমাই না। আমার উপুড় হয়ে ঘুমানোর বদ অভ্যাস আছে। আর ঘুমের মধ্যেই হাত পা নেড়ে বিছানার চাদর এক জায়গায় জড়ো করে ফেলি। কিন্তু গতকাল রাতে যে রায়হান এই বিছানায় ঘুমিয়েছে সে বেশ গোছানো স্বভাবের বোধহয়। পায়ের কাছে দেয়ালে ঝোলানো পুরোনো ঘড়িটার দিকে তাকালাম। চশমা ছাড়া দেখতে কষ্ট হয়। মনে হলো, ভোর ছ’টার একটু বেশি বাজে। গতকাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে, আমি বসে ছিলাম আমার শে^তাঙ্গ বন্ধুর পাশে। আমাদের জিপ ছুটছিলো কঙ্গো নদীর অববাহিকায় একটা বনের ভেতর দিয়ে। পেছনে তাড়া করে আসছিলো চারটা ক্ষুধার্থ সিংহী। আমার নাম না জানা আমেরিকান বন্ধু পাগলের মতো জিপের এক্সেলেটর চেপে ধরে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছিলো। এবড়ো থেবড়ো জমিতে চলতে গিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলো আমাদের জিপ।
জিপের যান্ত্রিক শব্দে আর হেডলাইটের আলোয় ভয় পেয়ে পাশাপাশি দু’টো বড় গাছ থেকে এক ঝাঁক পাখি তীক্ষè শব্দে চ্যাঁচামেচি করতে শুরু করলো। ডানা ঝাপটানোর শব্দ পেলাম। ওপরের দিকে তাকালাম। অন্ধকারে বুঝতে পারলাম না পাখিগুলো দেখতে কেমন। শুধু দেখলাম মাথার ওপরে অন্ধকারের ভেতর আরো গাঢ় অন্ধকারের মতো অসংখ্য অবয়ব গাছদু’টো ঘিরে এলোমেলোভাবে উড়ছে আর ডাকছে। আমি পাখিগুলোর নাম জানি না। হয়তো সেই পৃথিবীর রায়হান বলতে পারতো ওগুলো কী পাখি।
তন্দ্রামতো এসেছিলো। আমার এই এক দোষ, গাড়িতে উঠলেই ঘুম আসে। সে যে গাড়িই হোক না কেন। যে পরিস্থিতিই হোক না কেন। আমার পাশে বসা আমেরিকান যুবক এক্সেলেটর চেপে ধরে দরদর করে ঘামছে আর আমি দুই চোখের পাতায় জড়ো হওয়া রাজ্যের ঘুম তাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তন্দ্রা যখন পুরোপুরি ছুটে গেলো তখন বিপদ কেটে গিয়েছে। আমি নিজেকে বেশ কয়েকটা মাঝারি আকৃতির তাবুর মাঝে একটা ফাঁকা জায়গায় আবিষ্কার করলাম। আমি তখনো বসে আছি জিপের ড্রাইভিং সিটের পাশের সিটটায়। জিপের সামনে একটা আগুনের কুÐলী। আগুনে কাঠ ফাটার পট্ পট্ শব্দ হচ্ছে। একজন কৃষ্ণাঙ্গ একটা ধূসর হাফপ্যান্ট আর সাদা গেঞ্জি পরে আগুনের কুÐলীর পাশে পা গুটিয়ে বসে আছে।
আমার সাথে থাকা শে^তাঙ্গ যুবক চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করলো। আগুনের লাল-কমলা আলো কালো মানুষটার মুখে অদ্ভুত আলো ছায়ার খেলা খেলছে। আগুন থেকে সৃষ্টি হওয়া ধোয়া পাক খেয়ে খেয়ে অনেকটা ওপরে উঠে মিলিয়ে যাচ্ছে। আমাদেরকে দেখে কৃষ্ণাঙ্গ যুবক উঠে দাঁড়ালো। গলা উঁচিয়ে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে বললো, ব্রায়ান, কোথায় গিয়েছিলে তোমরা?
আমি বুঝলাম, আমার শে^তাঙ্গ বন্ধুটার নাম ব্রায়ান। ব্রায়ান আমার দিকে তাকালো। বললো, আর ইউ ওকে মাই ফ্রেন্ড?
আমি ওপর নিচ মাথা ঝাঁকালাম।
আমাদের কৃষ্ণাঙ্গ বন্ধু জিপের কাছে এগিয়ে এসেছে, কী হলো? কোথায় গিয়েছিলে কাউকে কিছু না বলে?
ব্রায়ান ঠোঁট ওল্টালো, বনের মধ্যে একটু হাওয়া খাবো ঠিক করেছিলাম। বুদ্ধি অবশ্য রায়হানেরই ছিলো। হাওয়া খাওয়ার সাথে সাথে কয়েকটা সিংহীর তাড়াও খেলাম। একটার সাথে আরেকটা ফ্রি।
কৃষ্ণাঙ্গ যুবক বললো, এটা একদমই ঠিক করলে না। সবাইকে ঘুমে রেখে কাউকে না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, তোমাদের জিপের শব্দ শুনেই আমার ঘুম ভেঙ্গে গিয়েছিলো। তাবু থেকে বের হয়ে দেখি তোমরা নেই। তোমাদের তাবুদু’টো ফাঁকা। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ক্রিস্টোফার জানলে খুব ঝামেলা হয়ে যেতো। ভাগ্য ভালো, সে ডিনারের পর থেকে মড়ার মতো ঘুমাচ্ছে।
আমি জিপ থেকে নামলাম। বললাম, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কোথায় থাকবো ?
কৃষ্ণাঙ্গ যুবক আর ব্রায়ান আমার কথা শুনে মুখ চাওয়া-চাওয়ি করলো। কৃষ্ণাঙ্গ যুবক বললো, তুমি ঠিক আছো রায়হান?
আমার কিছু মনে পড়ছে না।
ব্রায়ান কুবোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললো, বেচারা মনে হয় ভয় পেয়েছে। জিপেই দেখলাম কেমন অচেতন একটা ভাব তার মধ্যে। কুবো, তোমার তাবুতে কি কফি আছে ?
কৃষ্ণাঙ্গ যুবক মাথা দোলালো, হ্যাঁ। আছে অল্প একটু।
তুমি তাহলে একটু কফি বানিয়ে দিতে পারবে রায়হানকে ? বেচারাকে কেমন উদভ্রান্ত লাগছে দেখতে। কিছু একটা ঠিক নেই ওর মধ্যে।
আমি বললাম, কফি লাগবে না। আমি ভয় টয় পাই নি। আমার মাথাটায় যন্ত্রনা করছে। কুবো, আমাকে একটু আমার তাবুতে দিয়ে এসো না ধরে ?
এই পর্যায়ে এমন একটু অভিনয় করতে হবে। আমি যদি বলি, আমি অন্যভূবনের মানুষ... নেহাৎই পাগল ঠাউরাবে আমাকে। তারচেয়ে বরং অসুস্থ হওয়ার ভান ধরা ভালো।
কুবো নামের কৃষ্ণাঙ্গ যুবকের কাঁধে ভর দিয়ে আমি মাঝামাঝি একটা তাবুতে ঢুকলাম। তাবুর ছাদে একটা লণ্ঠন ঝোলানো। প্রায় নিভু নিভু আগুন জ¦লছে। তেলে ডোবানো সলতে উঠিয়ে লণ্ঠনের আলো বাড়িয়ে দিলো কুবো। তাবুর এক কোণায় একটা ছোট ফোল্ডিং চেয়ারের ওপর গাদা মেরে বেশ কিছু বই রাখা। জ্যুলজির কিছু কঠিন কঠিন বই। একটা বড় ব্যাকপ্যাক, একটা পুরোনো রাইফেল আর কিছু খুঁটিনাটি জিনিসপত্র রাখা। তাবুর মাঝামাঝি একটা স্লিপিং ব্যাগ। আমি কুবো নামের মানুষটাকে ধন্যবাদ জানিয়ে স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে গেলাম। কুবো বললো, ওষুধ খাবে? দেবো আমি কিছু এনে?
আমি বললাম, না। তুমি শুধু একটু কষ্ট করে আগুনটা কমিয়ে দিয়ে যাও। তাতেই হবে।
লণ্ঠনের আগুন কমিয়ে দিয়ে কুবো তাবু থেকে বেরিয়ে গেলো। আমি হামাগুড়ি দিয়ে একটু এগিয়ে এসে তাবুর জিপার টেনে দিলাম। এরপর আবার স্লিপিং ব্যাগে ঢোকামাত্রই রাজ্যের ঘুম আমাকে গ্রাস করে নিলো।
আয় ঘুম আয়। আমার চোখেমুখে আয়। আমি ঘুমিয়ে পড়লাম। আর এই ঘুমের মধ্যে আবার বডি সুইচ হলো। আমি আমার পৃথিবীতে ফিরে এলাম আর অন্য পৃথিবীর রায়হানের সত্ত¡া তার নিজের পৃথিবীতে ফিরে গেলো।
আচ্ছা, আসলেই কি আমার বডি সুইচিং বলে কিছু হয়, নাকি আমি ¯্রফে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি ? কিন্তু স্বপ্নের স্মৃতি তো এত পরিষ্কারভাবে মস্তিষ্কে গেঁথে থাকে না। হতে পারে সবটাই আমার মস্তিষ্কের অতিরঞ্জিত কল্পনাশক্তি যেটা আমার ভেতর পুষে রাখা ইচ্ছাগুলোকে অবচেতন অবস্থায় আমার কাছে অতি বাস্তব কোন জগতের রূপে প্রকট করে তুলছে। হতে পারে আমার সুপ্ত আকাক্সক্ষাগুলোই আমার মস্তিষ্কের ভেতর প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন জগৎ তৈরি করে চলেছে।
আমি আড়মোড়া ভেঙ্গে বিছানা ছাড়লাম। আমি এত ভোরে সাধারণত উঠি না। ইউনিভার্সিটিতে নয়টায় ক্লাস থাকে। মোবাইল ফোনে রিপিটিভলি অনেকগুলো অ্যালার্ম দিয়ে রাখবার পরেও ঘুম ভাঙ্গবে আটটার কাছাকাছি সময়ে গিয়ে। ঘুম ভাঙ্গার পর তাড়াহুড়ো করে ফ্রেশ হওয়া, খেতে বসে বাবা মায়ের সাথে অহেতুক ঘ্যানঘ্যান করা শুক্র- শনিবার ছাড়া বাকি পাঁচদিনের রুটিনমাফিক কাজ। অনেক দিন তো কিছু না খেয়েই ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে যাই। আজ অনেকদিন পর ভোরের সূর্য দেখলাম আমি।
ডাইনিং টোিবলে বাবা মা বসে চা খাচ্ছিলেন। আমাকে চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বেরোতে দেখে তারা এক মুহূর্তের জন্য চা খাওয়া বন্ধ করে আমার দিকে আড়চোখে তাকালেন। আমি ভ্রু কুঁচকে বললাম, কী দেখো এভাবে তোমরা ?
বাবা বললেন, এখন সুস্থ আছিস তুই ?
আমার আবার কখন কী হলো ?
মা তার চায়ের কাপে চুমুক দিলেন, কালকে সন্ধ্যা থেকে যা করলি তুই!
আমি আবার কী করলাম ?
ইউনিভার্সিটি থেকে এসে বিকেলে ঘুম গেলি বুঝলাম। ঘুম থেকে উঠলি মাগরিবের পর। উঠেই তুই কেমন সারা ঘরে লম্বা লম্বা পা ফেলে হাঁটাহাঁটি শুরু করলি। আমি জিজ্ঞেস করলাম যে তোর কী হয়েছে। তুই কী বললি, জানিস?
আমার ঘুমঘুম ভাব একদম কেটে গিয়েছে, কী বললাম মা ?
তুই বললি, তুমি এখানে কী করছো ? আমি এখানে কেন ? তোমার মাথায় পাকা চুলের গোছা কোথায়, চুলে কলপ কখন করলে ? আমি প্রথমে ভাবলাম তুই অসময়ে ফাজলামি করছিস। খুব রাগ হলো। তোর বাবা ছিলো বাজারে। রাত আটটার দিকে মানুষটা বাসায় আসার পর তুই কী করেছিস, জানিস ?
আমি শুকনো গলায় বললাম, কী ?
তুই হঠাৎ পাগলের মতো এমন চিৎকার চ্যাঁচামেচি শুরু করলি যে দু’জনই ভয় পেয়ে গেলাম। তুই বারবার অনেকগুলো প্রশ্ন করছিলি; তোমরা এখানে কেন, আমরা কোথায়, আমার ভাই কোথায়, ও ঠিক আছে তো, আমাদের সবার বয়স এত কমে গেল কীভাবে। তুই বল, এসব কথার কোন মানে হয় ? রাশেদ যে বোর্ডিং স্কুলে পড়ে সেটা তোর অজানা নয়। এমন তো না যে তুই গতকালই এই দুনিয়ায় নতুন এসেছিস। ওকে দেখতে না পেয়ে তোর অস্থিরতা আরো বাড়ছিলো। আমরা কত বুঝালাম, তুই কোন কথাই শুনলি না।
এতগুলো কথা একসাথে বলে মা হাঁপিয়ে উঠেছেন। আমি বড় বড় চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে আছি।
বাবা বললেন, আমরা ভাবছিলাম তোকে আজ সকালটা পর্যন্ত দেখার পর কোন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো। এখন তুই ঠিক আছিস তো ?
আমি মাথা নিচু করে বললাম, জি বাবা।
দেখ কোন সমস্যা হলে বল। তোর কি কোন কাজের চাপ যাচ্ছে খুব ?
না বাবা। আমি ঠিক আছি। জানি না কেন এমন করলাম কাল।
অসুস্থ মনে হলে আজকের দিনটা থাকুক। রেস্ট নে। একটু সময় দে নিজেকে। ক্লাসে যাওয়ার দরকার নাই।
না বাবা। আমি ঠিক আছি। আমি কি আর কিছু বলছিলাম ?
বাবা উত্তর দিলেন, হ্যাঁ। খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছিলি তুই। তুই নাকি আফ্রিকাতে ছিলি। সম্ভবত কঙ্গো বা এমন কোন দেশের কথা বললি। তুই নাকি ফিল্ড জ্যুলজিস্ট। এমন সব উদ্ভট কথা।
এক মুহূর্তের জন্য আমার মনে হলো, আমি আর দাঁড়াতে পারছি না। এখনই ধপ করে মেঝেতে পড়ে যাবো। আমি বললাম, আমি ফ্রেশ হয়ে আসি। মা, একটু চা বানিয়ে দাও না কড়া লিকার দিয়ে। মাথার ভেতরটায় কেমন চিনচিনে ব্যথা হচ্ছে। মাথাটা কেমন ভারী ভারী লাগছে।
আজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য কোন তাড়াহুড়ো করতে হলো না। বাবা মা’র সাথে অহেতুক চ্যাঁচামেচিও হলো না। আমি এমনিতেই ডিপার্টমেন্টের তেমন একটা ভালো ছাত্র না। ক্লাসের পেছনের সারিতে বসে যে ছাত্রগুলো হা করে বোর্ডে প্রফেসরদের আঁকিবুকি দেখে আার কিছুক্ষণ পর পর বেশ শব্দ কওে ঢোঁক গেলে, আমি সেই দলের। সেদিন আমি ক্লাসরুমের সামনে বোর্ডের দিকে তাকিয়ে ঢোঁক গিললাম না। ক্লাসের ডানপাশের জানালা দিয়ে পাহাড় দেখা যায়। সবুজ পাহাড়। আর সাথে একফালি আকাশ। আমি নিষ্পলক আকাশের দিকে তাকিয়ে রইলাম। ফলাফল হলো, সেদিনের চারটা ক্লাসের মধ্যে দু’টো ক্লাসেই আমাকে স্যার ক্লাসরুম থেকে বের করে দিলেন আর বাকি দু’টো ক্লাসে আমি অর্ধেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারের মুখের দিকে তাকিয়ে থাকলাম।
দুপুরে ক্ষিধে পেলো না। খাওয়ার রুচি হলো না। ফ্যাকাল্টির সামনে জসিম ভাইয়ের দোকানে বসে একটা বনরুটি আর এক কাপ চা খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম।
আমার সাথে এমনটা কখনো হয় নি। প্রতিবার আমি এসব নিজের অবচেতন মনের কল্পনা আর অতি বাস্তব কোন স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু গতকাল সন্ধ্যায় আমার সাথে যা যা ঘটেছে তা কি নিছকই স্বপ্ন ? আমি জানি না। আমি কি মানসিক রোগী হয়ে যাচ্ছি ? ভয়াবহ কোন মানসিক রোগ কি আমার ভেতর বাসা বাঁধেেছ ? এই একটা সন্ধ্যা, একটা রাত আমার মনের ভেতর অনেকগুলো প্রশ্ন ঢুকিয়ে দিয়ে গেছে। সেই প্রশ্নগুলো আমার মাথার ভেতর থেকে থেকে খচখচ করেই যাচ্ছে।
সন্ধ্যায় একটা টিউশনি ছিলো, আমি গেলাম না। নিজের রুমে ঝিম মেরে বসে রইলাম। আমার একটা ডায়রি আছে। বহুদিন হয় কিছু লিখি না। আজ ভাবলাম, কিছু লিখে রাখা দরকার। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকা এলোমেলো প্রশ্নগুলোকে গোছানো দরকার।
ডেস্ক ঘেটে ডায়রিটা বের করলাম। অনেকদিন ডেস্কের ভেতর থেকে ডায়রির মলাটের ওপর ধুলোর পুরু আস্তরণ পড়বার কথা। কিন্তু সেই ধুলোর আস্তরণ নেই। মনে হচ্ছে, ডায়রিটা অতি সম্প্রতি খোলা হয়েছিলো। কেউ মলাটের ওপর জমে থাকা ধুলোর আস্তরণ পরিষ্কার করেছে। কিন্তু, আমাদের বাসায় আমার জিনিসপত্রে আমি ছাড়া কেউ হাত দেয় না। আমি ডায়রির পাতা ওল্টালাম। ডায়রির একটা পাতা ভাজ করা। কিছু একটা নতুন লেখা হয়েছে। পরিষ্কার গোটা গোটা হাতের লেখা। আমি পড়লাম :

দিন তারিখ : অজ্ঞাত
স্থান : চট্টগ্রাম, বাংলাদেশ।
আমি রায়হান। রায়হান উদ্দীন শিকদার। একজন ফিল্ড জ্যুলজিস্ট হিসেবে কাজ করছি। আজ বিকেলেও আমি ছিলাম কঙ্গোর একটা জঙ্গলে। আফ্রিকান ফ্রেশওয়াটার ম্যানাটি নিয়ে গবেষণার জন্য আমেরিকান একটা টিমের সাথে এসেছি। কিন্তু আমি এখন আছি বাংলাদেশে। চট্টগ্রামে। অথচ আমি দেশ ছেড়ে গবেষণার জন্য বিদেশে পা দিয়েছি বেশ ক’বছর হলো। এমনটা হওয়ার কথা না। এটা কোন লজিকেই পড়ে না। এখানে কীভাবে এলাম, কখন এলাম তাও জানি না। একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আমার আর আমার পরিবারের সবার বয়স বেশ ক’বছর কমে গেছে। আমি বুঝতে পারছি না আমার সাথে কী ঘটছে। সারাদিনের কাজ শেষে বিকেলে তাবুর ভেতর শুয়ে চোখ বন্ধ করতেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙ্গার পর দেখি, আমি বদলে গেছি। আমার চারপাশের সবকিছু বদলে গেছে। আমার ভেতরটা বড় অস্থির হয়ে আছে। গুছিয়ে কিছু লিখতে পারছি না। সবকিছু কেমন অচেনা লাগছে। আমি খুব ভয় পাচ্ছি।
আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি ? আমার সাথে এসব কী হচ্ছে ? আমি কে ?

ডায়রির লেখা এখানেই শেষ। আমি একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে ডায়রিটা আমার ডেস্কে ঢুকিয়ে রাখলাম।
আমি কে ?
(চলবে)

যুদ্ধটা তবে শেষ হয়ে যাক..............................শাহরিয়ার জাওয়াদ

যুদ্ধটা তবে শেষ হয়ে যাক..............................শাহরিয়ার জাওয়াদ

 আচ্ছা, তোমার মনে আছে

প্রথম যেদিন দেখা হলো
তোমার- আমার,
মনে আছে?
আর পরদিন রেস্টুরেন্টে
কেমন করে আমরা দু'জন
ফ্যালফেলিয়ে তাকিয়ে আছি-
হাসছি ভীষণ,
তুমি- আমি মুখোমুখি।
তারপর সেই করিডোরে
কিংবা সবুজ ঘাসের ওপর
সবাই যখন ব্যস্ত তখন,
তুমি আমায় চিঠি দিলে-
"আপনি কোথায়?
আপনাকে আজ দেখছি না যে!"
আমার দু'চোখ তোমায় খোঁজে
লুকিয়ে থেকে সবার মাঝে
আমরা দু'জন হেসেই মরি,
কী আশ্চর্য! হচ্ছেটা কী?
সে কে আমার?
এমন কেন লাগছে মনে,
বলছে কেন মনটা শুধু
মানুষটা তোর বড্ড আপন!
ছেড়েছুড়ে যাসনে কোথাও,
হারিয়ে যেতে দিস না তাকে।
আচ্ছা শোনো,
তোমার সেদিন মাথায় ব্যামো।
দিনের শেষে ক্লান্ত আমি
হঠাৎ বলি, "সঙ্গে যাবে?"
তুমি কেমন আমার কাছে
হন্যে হয়ে এলে ছুটে,
"কোথায় নেবেন?"
"ভরসা করো?"
তুমি হেসে দোলাও মাথা
আমি বলি, "তবে চলো,
একটু ভরসা করেই দেখো?"
তখন ছিলো বসন্তকাল
কৃষ্ণচূড়া ফুলের কুড়ি
দিচ্ছে উঁকি শীতের শেষে।
তুমি আমি পাহাড়চূড়োয়
সূর্য ডোবে- কী মায়াময়!
আকাশ সাগর যেথায় মেলে।
আমি তখন তোমায় দেখি
তোমার চোখের গভীরতায়
আমি হারাই, আরো হারাই,
মনে আছে? ফিরতি পথে
কেমন কেমন চান্নিপসর
দেখলে তুমি পাহাড় থেকে।
কিংবা যেদিন,
আমি তুমি হাঁটছি অনেক
অনেকটা পথ,
ইচ্ছে হলো, তোমার হাতটা ধরি
শক্ত করে... এই একটাবার।
আমরা শুধু হেঁটেই গেলাম
এই পথের যেন শেষটা না পাই,
শেষটা না পাই, শেষটা না পাই।
তুমিই বলো, ওই রেল স্টেশনটা
গল্প জানে কত শত...
তোমার- আমার।
এই স্টেশনের প্লাটফর্মে
আমায় তুমি বলেছিলে,
"আমায় আপনার সঙ্গে নেবেন?
খুব কিছু না, আমায় শুধু
একটুখানি জায়গা দেবেন।"
আমি তখন বলেছিলাম,
"তোমায় ছেড়ে যাবো কোথায়?
তোমায় ছাড়া কোথাও গিয়ে
নিজের মানুষ পাবো সেথায়?
তুমিই বলো..."
অমন পাগল ছিলে তুমি!
এই লক্ষীটি, শুনতে পাচ্ছো
আমার কথা?
সেদিন কেমন সন্ধ্যাতারা
মুগ্ধ হয়ে দেখেছিলো
আমার কাঁধে মাথা রেখে
ব্যাকুল হয়ে কাঁদছো তুমি।
জোনাই পোকা সুর বেঁধেছে
ভালোবাসি, ভালোবাসি!
সেদিন যখন বসন্তকাল
শেষের পথে
সাহস করে বলি আমি,
"কন্যা, তুমি আমার হবে?"
তুমি তখন কাঁপা গলায়
বললে কেমন নির্ভরতায়,
"আমার কাঁদার জায়গা হবে?
একটা শক্ত কাঁধ কি দেবে?"
সেদিন পুরো শহর ঘুরি
অবাক চোখে আকাশ দেখি
তুমি আমার, আমি তোমার!
এ সুখ এত তীব্র কেন?
আমায় শুধু তোমার কাছে
থাকতে দিও
তোমার বাড়ির উঠোনকোণে
একটুখানি জায়গা দিও,
উড়কি ধানের মুড়কি দিও
তালের পাখার বাতাস দিও।
তাতেই হবে।
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমরা আবার দেখবো আকাশ
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমার কাঁধে রেখো মাথা
কেঁদো আবার ব্যাকুল হয়ে
নাহয় হেসো খিলখিলিয়ে,
এই যুদ্ধটা শেষ হয়ে যাক
আমার তোমার দেখা হবে,
হাত দু'টো খুব শক্ত করে
আঁকড়ে ধরে বলবো সেদিন,
"তুমি আমার সঙ্গে যাবে...
আমার দেশে? আমার খুব আপন হয়ে
আমার একার মানুষ হয়ে?"


দেবতাখুমের পথে..................শাহরিয়ার জাওয়াদ

দেবতাখুমের পথে..................শাহরিয়ার জাওয়াদ
বান্দরবান মূল শহর থেকে রোয়াংছড়ির বাস ছাড়ে সকাল আটটায়। এর আগের দিন বান্দরবানে এসে পৌঁছেছি বেলা বারটার দিকে- আমি, সালমান ভাই, অয়ন আর পান্থ। আমার ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে সতের তারিখ। আঠার তারিখ দুপুরে অয়ন যখন টেক্সট করলো, "ভাই, বান্দরবান চলেন কালকে, সালমান ভাই যাবেন। আপনিও চলেন।"
আমি তখন নিউমার্কেটে। বললাম, "বিকেলে বাসায় গিয়ে জানাচ্ছি।"
বিকেলে জানাবো বললেও আমাদের ট্যুর প্ল্যান ফাইনাল হলো সেদিন রাত ন'টার পরে। আমার হাতে জমানো কিছু টাকা ছিলো, বান্দরবানের জন্য ওটাই আমার একমাত্র সম্বল।
ঊনিশ তারিখ দুপুর বারটায় বান্দরবান পৌঁছে যে ব্যাপারটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো সেটা- রাতে থাকবো কোথায়?
বাস স্টপেজের সামনে বান্দরবান শহরের সবচেয়ে বড় যে হোটেলটা- হিলভিউ, ওটাতে আগামী হপ্তাখানেকের মধ্যেও কোন রুম ফাঁকা পাওয়া যাবে না।
ডিসেম্বরের ধূসর আকাশের নিচে ভর দুপুরে চারজন ছেলে কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে হাঁটছে আর ড্যাবড্যাব করে চাঁদের গাড়ির ড্রাইভারদের সাথে ট্যুরিস্টদের দর কষাকষি দেখছে।
শেষমেশ থাকার ব্যবস্থা হলো। হোটেলের নাম হিলবার্ড। তিন তলায় ডাবল বেডের পাশাপাশি দু'টো রুম পাওয়া গেল। প্রতি রুমের ভাড়া চারশ পঞ্চাশ টাকা করে।
হোটেল রুমে কোন টিভি নেই, অ্যাটাচড বাথরুম নেই। বাথরুম যা একটা আছে ওটা ফ্লোরের একপ্রান্তে। বাথরুম বা ওয়াশরুম না বলে এক্ষেত্রে পাবলিক টয়লেট টার্মটা ইউজ করা বেশি যুক্তিযুক্ত। পানির ট্যাপের কোন হাতল নেই। যেগুলো আছে সেগুলো কিছু মরচে পড়া স্ক্রু। বেসিনের ওপর আধখাওয়া সিগারেটের একগাদা ছাই ফেলে রাখা।

হোটেল রুমের প্রায় হলুদ হয়ে যাওয়া সাদা চাদর আর বালিশের কভার দেখে এক মুহূর্তের জন্য সরকারি হাসপাতালগুলোর কথা মনে পড়ে যায়। এটুকু পেয়েই আমরা হাফ ছেড়ে বাঁচলাম, "থাকার জায়গাটা অন্তত পাওয়া গেলো। রাতে প্রচণ্ড শীতের মধ্যে পথে পথে ঘুরতে হবে না অন্তত।"
হোটেলে ব্যাগপত্র নামিয়ে রেখেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাবো স্বর্ণমন্দির; বুদ্ধ ধাতু জাদি ক্যাং।
একটা মাহিন্দ্রা ভাড়া করা হলো। শহর পেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে ছুটে চললো মাহিন্দ্রা।
অয়ন সাথে করে তার উকুলেলেটাও নিয়ে এসেছে। কিনে রাখা চিপস আর কেক চিবোতে চিবোতেই

অয়ন আর পান্থ উকুলেলের টুংটাং এর সাথে গলা মেলালো। মাহিন্দ্রা যেখানে এসে থামলো সেখান থেকে পিচঢালা পাহাড়ি পথ বেয়ে আরো কিছুদূর গিয়ে মন্দিরের সিঁড়ি ভেঙ্গে ওপরে উঠতে হয়। কিছুদূর ওঠার পর জুতা রাখার নিদৃষ্ট জায়গা আছে। নয় কী দশ বছরের একটা ছেলে গম্ভীর মুখে সেখানে বসে। প্রতি জোড়া জুতা রাখতে তার কাছে পাঁচ টাকা করে দেওয়া লাগে। ছেলেটার পাশে একটা সাইন বোর্ড, তাতে লেখা : মন্দিরে হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার পরে যাওয়া নিষেধ।
আমরা সিঁড়ি বেয়ে যত ওপরে উঠি বান্দরবানের স্বর্ণমন্দির আমাদের চোখের সামনে নিজেকে তত প্রকাশ করতে থাকে। আমরা অবাক হয়ে দেখি- কী তীব্র সেই সোনা রঙ!
সিঁড়ির শেষে মোজাইক করা বাঁধানো মেঝে। মূল মন্দিরের চারপাশে চক্রাকারে সাজানো পাথরের বেদিগুলোর ওপর মঙ্গল, বৃহষ্পতি কিংবা শনিদেবের মূর্তি। মূষিক আর গরুড় মূর্তি। মন্দিরের দেয়ালে তৈরি করা হয়েছে ছোট- বড় কুঠুরির মতো জায়গা যেখানে রাখা আছে সোনালী রঙের বেশ কয়েকটি মূর্তি। বোধ করি সেগুলো বুদ্ধেরই হবে। এ ব্যাপারে জ্ঞান স্বল্পতার কারণে মূর্তি বিষয়ক আলোচনা নাহয় তোলা থাকুক।

দু' হাজার সালে বার্মার স্থাপত্যবিদদের তত্ত্বাবধানে নির্মিত মন্দিরটির পেছনের দিকে রয়েছে বড় একটি ধাতব ঘণ্টা। ঘণ্টার ফ্রেমের ওপর চারপায়ে ভর করে দাঁড়িয়ে একটা ড্রাগন। মন্দিরের উঠোনে আরো আছে পৌরাণিক সিংহের মূর্তি।
মূল মন্দিরের ভেতর সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। শুধু যারা পূজা- অর্চনার কাজে এসেছে তারাই প্রবেশ করতে পারে। তবে, দরজার বাইরে দাঁড়িয়ে মন্দিরের ভেতরের অংশটা দেখা যায়।
মন্দিরের ভেতরে প্রায় অন্ধকার। আলো অন্ধকারের লুকোচুরি যেন কেমন একটা ইন্দ্রজাল তৈরি করেছে। সেই ইন্দ্রজালের মাঝে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধমূর্তিটা জ্বলজ্বল করে জ্বলছে।
"সালমান ভাই, কী পরিমাণ স্বর্ণ দিয়ে বুদ্ধের মূর্তি বানানো হয়েছে, দেখলেন!", আমি প্রায় চেঁচিয়ে উঠলাম।
মন্দিরের দরজায় কিছু বয়স্কমতো লোক জটলা পাকিয়েছে। মন্দিরে কেন ঢুকতে দেওয়া হবে না, কেন তাদেরকে পঞ্চাশ টাকার টিকেট কেটে এখানে আসতে হলো- এই নিয়ে তারা মোটামুটি বিদ্রোহ ঘোষণার পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্লাস্টিকের চেয়ারে বসা বৌদ্ধ ভিক্ষু অসহায়ভাবে মুখস্থ বুলির মতো আওড়ে যাচ্ছেন, "দেখুন... এটা একটা উপাসনালয়, একটু বুঝুন। সবাই ভেতরে প্রবেশ করতে পারবেন না।"
দরজায় দাঁড়ানো প্রতিবাদী বুড়ো মানুষের দল একটু একটু করে ভারী হচ্ছে আর চেঁচামেচি বেড়ে চলেছে। তাদের কেউ কেউ আবার দীর্ঘনিঃশ্বাস ছেড়ে বলছে, "মন্দিরেই যদি ঢুকতে না পারি, তাহলে টিকেট কেটে দেখতে আসার কোন মানে হয় না। টাকা ফেরত দেন।"

এত শোরগোল আর চেঁচামেচির মাঝেই আমরা তন্ময় হয়ে বুদ্ধকে দেখি- আহা, কী সুন্দর! আহা, কী অপূর্ব!
বান্দরবান মূল শহরে ফিরে 'কলাপাতা' রেস্টুরেন্টে ঢুকলাম। বেলা পড়ে এসেছে প্রায়। তবুও রেস্টুরেন্টে প্রচণ্ড ভীড়। আমাদের বসবার জায়গা হলো না। অগত্যা রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ালাম। একজন ওয়েটার এসে চারটা চেয়ার দিয়ে গেলো বসবার জন্য।
আমাদের পাশেই এক দম্পতি দাঁড়িয়ে। স্বামী স্ত্রী ম্যাচিং করে একই ডিজাইনের হুডি পরেছেন। আর বাবার আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে বছর চারেকের একটা মেয়ে। নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে মানুষের ব্যস্ততা, মানুষের ছুটোছুটি। অয়ন আর সালমান ভাই তাদের দিকে তিনটে চেয়ার এগিয়ে দিলেন, "ভাইয়া, আপনারা বসেন।"
বেশ কিছুক্ষণ পর আমাদের খাবারের ব্যবস্থা হলো। অর্ডার দিলাম- ভাত, ডাল, আলুভর্তা আর মুরগির মাংসের। খাওয়ার সময় জানালার ওপাশে সেই দম্পতিকে আবার দেখতে পেলাম। স্ত্রী স্বামীর চুল ধরে টানাটানি করছেন আর স্বামী ব্যথা পাওয়ার মিথ্যা অভিনয় করছেন। বাবা- মা'র অনর্থক ভাঁড়ামি দেখে ছোট মেয়েটা হি হি করে হাসছে। বাচ্চাটার হাসি দেখে আমারও হাসি পেলো। হাসি বড় সংক্রামক। অকারণেই হাসি সংক্রমিত হয়। আমি ঠোঁট টিপে টিপে হাসছি। তাঁরা এখন জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটা পার করছেন কীনা!

আমাদের বিকেলটা কাটলো নীলাচলে।
নীলাচল, বাংলাদেশের দার্জিলিং। বান্দরবান শহর থেকে প্রায় ছ' কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে এই পর্যটন কেন্দ্র। যেখান থেকে মেঘ ছোঁয়া যায়। অবাক মেঘের বাড়ি- কথাটা নীলাচলের জন্য কোনরকম সন্দেহ ছাড়াই প্রযোজ্য।
পাহাড়চূড়ার অপেক্ষাকৃত নিরিবিলি একটা অংশে দাঁড়িয়ে আছি আমরা। পড়ন্ত বিকেলের নরম রোদ ছুঁয়ে

যাচ্ছে আমাদেরকে।
পাহাড়চূড়া থেকে যতদূর চোখ যায় জমাট বাঁধা কুয়াশা আর পেঁজা তুলোর মতো সাদা মেঘ। এর মাঝেই আবছা দেখা যায় পাহাড়, বান্দরবান শহর। এরপর বোধ করি সমুদ্র... দৃষ্টি অতটা পৌঁছায় না।পাহাড়ের সবুজ আর আকাশের নীল ছুঁয়ে ভেসে থাকা সাদা মেঘ, জমাট বাঁধা ধূসর কুয়াশা কী এক অদ্ভুত মোহ সৃষ্টি করে!
সালমান ভাই নীলাচল আগে একবার এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টেরই একটা স্টাডি ট্যুরের সময়। উনি বললেন, "এখানেই থাকবা? আরো জায়গা আছে তো দেখার।"
আমি, অয়ন আর পান্থ সালমান ভাইয়ের পিছু পিছু হাঁটি। পথের মাঝে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের সিঁড়ি ধরে একগাদা আণ্ডাবাচ্চা ঝোলাঝুলি করছে। অতএব, ওয়াচ টাওয়ারে ওঠার ইচ্ছাটা দমিয়ে রাখতে হলো।


নীলাচলে যে পার্কের মতো জায়গাটা আছে ওখানে বড় বড় দু'টো স্লাইড। ছেলে- বুড়ো সবাই বিপুল উৎসাহে স্লাইড বেয়ে নামছে আর হাত- পা ছুঁড়ে বাচ্চাদের মতো হাসছে। বছর পঞ্চাশেকের কাঁচাপাকা চুলের এক ভদ্রলোককে দেখলাম স্লাইডিং করতে গিয়ে নিচে হুমড়ি খেয়ে পড়লেন। আমরা ভাবলাম, উনি ব্যথা পেলেন কীনা। তারপর দেখি, উনি দু'পা ছড়িয়ে উঠে বসে হো হো করে হাসছেন।
বুড়ো বয়সে ছোট হয়ে যাওয়ার আনন্দ বোধহয় সবচেয়ে বেশি। যে আনন্দে কোন ফাঁক থাকে না, যে আনন্দ নির্ভেজাল হাসির মতোই ভীষণ সংক্রামক, নিমিষেই ছড়িয়ে পড়ে অন্যদের মাঝেও।
সেদিন আমরা সূর্যাস্ত দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলশ' ফুট উঁচুতে, রেস্ট হাউজের রেলিং- এ হেলান দিয়ে দাঁড়িয়ে। সোনালী- হলুদ সূর্যটা একদম পশ্চিমে পাহাড় আর কুয়াশা ছুঁয়ে অস্ত যাচ্ছে। দেখতে দেখতে হলুদ সূর্যটার রঙ হয়ে গেলো কমলা, এরপর আরো কমলা... তারপর টকটকে লাল। পশ্চিম আকাশে লাল আলো ছড়াতে ছড়াতে সূর্যটা যেন পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ছে। ঘুমে যেন দু' চোখ লেগে আসছে সারাদিনের ক্লান্ত, পরিশ্রান্ত সূর্যটার। এরপর ঘুম, ঘুম, ঘুম। পাহাড়ের ওপাশে সূর্য হারিয়ে গেলো। আর আমি দেখলাম জীবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্তগুলোর একটা।
সন্ধ্যায় হোটেলের সামনে যখন মাহিন্দ্রা থেকে নেমে ভাড়া পরিশোধ করছি, এমন সময় একজন পুলিশ অফিসার এসে মাহিন্দ্রা চালককে আটকালেন।
সাদ পোশাকের পুলিশ অফিসার। বিকেলে স্ত্রী- কে নিয়ে হাওয়া খেতে বেরিয়েছিলেন।
প্রথমদিকে আমরা অতটা খেয়াল করি নি। একসময় দেখি, ভদ্রলোক চেঁচামেচি শুরু করেছেন। ড্রাইভারকে বললেন তার লাইসেন্স দেখাতে। লোকটা ভীত চেহারা নিয়ে তার ড্রাইভিং লাইসেন্স বের করে পুলিশ অফিসারের হাতে দিলো।
অফিসার সাহেব মাহিন্দ্রা চালককে কান ধরে উঠবস করাচ্ছেন; আমরা এগিয়ে গেলাম,
"আঙ্কেল, কী হইসে?"
এরপর অফিসার যা বললেন তার সারসংক্ষেপ মোটামুটি এরকম-
অন্ধকারে ছিলেন বলে আপনারা বোঝেন নি কিন্তু আমরা দেখেছি। খাঁদের পাশ দিয়ে বাঁক ঘুরবার সময় একটা বাস আপনাদের ঠিক গা ঘেষে চলে গিয়েছে। বাসের লুকিং গ্লাস ছিলো আপনাদের মাহিন্দ্রার ওপর। বাঁক ঘুরবার সময় আপনাদের মাহিন্দ্রার ড্রাইভার কোন সিগনালই দেয় নি। হর্ন দেয় নি। সে কোন সিগনাল না দিয়েই টার্ন নিতে চেয়েছিলো। আরেকটু হলেই আপনারা এখন খাঁদে পড়ে থাকতেন।

আমরা থমথমে মুখে নিজেদের রুমে ফিরে আসলাম। পান্থ বারবার বলছে, "আরেকটু হলে মরে যেতাম ভাই! এটা কিছু হলো?"
এরপরও অয়নদের রুমে আমরা তাস বের করে বসলাম। সালমান ভাই এ ব্যাপারে একদম আনাড়ি। তাঁকে পান্থ সময় নিয়ে কল ব্রিজ শেখালো। প্রথম খেলায় দান জিতে সালমান ভাইয়ের সে কী হাসি! কিছুক্ষণ আগে মনের মধ্যে জমে ওঠা ভয় ভয় মেঘ কেটে গেলো। আমরা তাসের কার্ডে মন দিলাম।
রাত সাড়ে আটটার দিকে আমরা রাতের খাবারের জন্য বেরোলাম। বাসস্ট্যান্ড ফেলে কিছুদূর সামনে এগোলেই বাজার। সাঙ্গুর তীরে একটা হোটেলে খাওয়া- দাওয়া হলো : সাদাভাত, মুরগি, সবজি, টাকি মাছের ভর্তা, শিম ভর্তা আর ডাল। আমাদের পেটে তখন রাজ্যের ক্ষুধা।

পৃথিবীর সকল শহর যেন রাতের জন্যই তৈরি। এত রঙের আলো, এত ব্যস্ততা শহরগুলোকে অপার্থিব করে তোলে। বাজারের পরই সাঙ্গু ব্রিজ। ব্রিজের ওপাশে বান্দরবান ক্যান্টনমেন্ট।
সাঙ্গু ব্রিজের নিচে টিন আর কাঠের ছোট ছোট খুপড়ি মতো ঘর। খুব সম্ভবত বস্তির বিকল্প কিছু একটা। এই ট্যুরে শুরু থেকেই অয়ন বলে চলেছে, "ভাই, বান্দরবান আসলাম কিন্তু বান্দর তো দেখি না কোথাও।"
অয়নের ইচ্ছা পূরণ হলো। আমরা হোটেল থেকে খেয়ে বেরিয়েছি এমন সময় ওই খুপড়ি বাসাগুলোর একটা থেকে একটা বানর ছুটে বেরিয়ে এলো। পোষা বানর। বানরটার পেছনে হৈহৈ করতে করতে ছুটে বেরিয়ে এলো বানরের মালিক। ছিপছিপে গড়নের এক কিশোর। তখন ইচ্ছেপূরণের আনন্দে অয়নের হাসি দু' কান ছুঁয়েছে।
সাঙ্গু ব্রিজের ওপর লাল- সবুজ- নীল- হলুদ স্ট্রিট লাইট। আর সাথে জাঁক দিয়ে পড়ছে কুয়াশা। আমরা সাঙ্গু ব্রিজে দাঁড়িয়ে সাঙ্গু নদী দেখি, আলো ঝলমলে বান্দরবান শহর দেখি।

শহরের শহীদ মিনারটা লাল- সবুজ বাতি দিয়ে সাজানো। আমার দেখা সবচেয়ে সুন্দর শহীদ মিনারগুলোর একটা। আমরা শহীদ মিনারের বেদির সামনে কুয়াশাভেজা দূর্বাঘাস মাড়িয়ে হাঁটি। হোটেলে ফিরতে হবে। সামনে একটা বড় দিন অপেক্ষা করে আছে আমাদের জন্য।

খুব ভোরে আমার ঘুম ভাঙ্গলো। ২০ ডিসেম্বর, ২০১৯, শুক্রবার। পাশের বেডে সালমান ভাই মুখ ভোঁতা করে বসে আছেন৷ ব্যাপারটা হলো, গতরাতে হোটেলের কোন এক রুমে মধ্যবয়স্ক কোন লোক মাতলামি করেছে৷ চেঁচামেচি, অশ্রাব্য গালাগাল করে পুরো হোটেল মাথায় তুলেছে। আর ওদিকে আমি আর পান্থ মড়ার মতো ঘুমিয়েছি। সালমান ভাই আর অয়ন দু'চোখের পাতা এক করতে পারেন নি কোনভাবেই।
আমি বিছানায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে আছি, ঘুমের রেশ তখনো কাটে নি। এর মাঝেই দেখলাম, সালমান ভাই গোসল সেরে আসলেন। মাথা মুছতে মুছতে বললেন, "বইসা আছো কেন ব্রো? রেডি হইয়া নাও।"

সকাল ছ'টার কিছু পরে হোটেলের রিসিপশনে চাবি জমা দিয়ে চেক আউট কমপ্লিট করে বেরোলাম। পুরু লেদারের জ্যাকেটেও আমার শীত মানছে না। সেলফোনে দেখলাম, টেম্পারেচার নয় ডিগ্রি সেলসিয়াস।
ব্রেকফাস্ট শেষ করে আমি আর অয়ন সালমান ভাই আর পান্থকে পেছনে রেখে এগিয়ে গেলাম। রোয়াংছড়ির বাসের টিকেট কনফার্ম করতে হবে। সাঙ্গুর দু'ধারে ঘন কুয়াশা। আমরা ভোরের সাঙ্গু নদী দেখে আরো একবার অবাক হলাম। পাহাড়ি নদীগুলো এত মায়াময় হয় কেন?
বান্দরবান ক্যান্টনমেন্ট পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি।
পাহাড় কেটে তার মাঝ দিয়ে রাস্তা বানানো। রাস্তার দু'পাশে পাহাড়ের ঢালে বড় বড় গাছগুলো কেমন সবুজ একটা টানেল তৈরি করেছে। কাটা পাহাড়ের শেষে একটা ছোট বাসস্ট্যান্ড। একটা টিনের তৈরি বাস কাউন্টার আর তার সাথে লাগোয়া একটা ছোট চা- সিগারেটের দোকান। সামনে একটুখানি খোলা জায়গা। ওখানেই বাস থামে। চারটা টিকেট কনফার্ম করা হলো।

ছোট্ট বাসস্ট্যান্ড থেকে সকাল ঠিক আটটা বাজে বাস ছাড়লো। আমরা আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে রোয়াংছড়ির উদ্দেশ্যে ছুটছি। রাস্তার দু'পাশে কখনো গভীর খাঁদ, কখনো পাহাড়। আকাশে ধূসর মেঘ আর পাহাড়ের বুক চিড়ে বেরিয়ে আসছে যেন মাঝারি ধরণের কুয়াশা। এর মাঝেই আমাদের বাস ছুটে চলেছে। কখনো খাড়া ওপরের দিকে উঠে যাচ্ছে আবার কখনো সোজা নিচের দিকে নেমে যাচ্ছে। আর আমরা বড় বড় চোখে পাহাড় দেখছি, মেঘে ঢাকা ধূসর আকাশ দেখছি।

রোয়াংছড়ি বাসস্ট্যান্ড পেরোলেই টেরেক খাল। এই খালের একটা দিক গিয়ে মিশেছে সাঙ্গু নদীতে, আরেকটা দিক মিশেছে দেবতাখুমে।
রোয়াংছড়ি বাজারে আমাদের সাথে আমাদের গাইডের দেখা হলো। গাইডের নাম মং মারমা। হাসিখুশি, আন্তরিক একজন মানুষ। একটা হোটেলে বসে দু'টো ফরমে আমরা আমাদের ব্যাসিক ইনফোগুলো পূরণ করলাম। প্রতিটা ফরমের সাথে একটা করে আইডি কার্ডের ফটোকপি। এগুলোর একটা জমা পড়বে পুলিশ চেকপোস্টে। আরেকটা জমা দিতে হবে কচ্ছপতলী আর্মি ক্যাম্পে।
রোয়াংছড়ি বাজার থেকে একটা মাহিন্দ্রা ঠিক করা হলো। এখানেও সেই পাহাড়ি পথ। আমরা নিজেদের নিঃশ্বাস চেপে চোখ বড় বড় করে মাহিন্দ্রায় বসে আছি। উঁচুনিচু পাহাড়ি পথ ধরে আমাদের মাহিন্দ্রা ছুটে চলেছে।

দেবতাখুমের একটা গল্প আছে। পৌরাণিক গল্প বলতে পারেন খানিকটা। 'খুম' শব্দের অর্থ জলাশয়। দেবতাখুম বলতে বোঝায় দেবতার জলাশয়। কচ্ছপতলী থেকে টেরেক খালের অববাহিকা ধরে ট্র‍্যাকিং করতে করতে পৌঁছাবেন শিলাবদ্ধ পাড়ায়। এখানে স্থানীয় মারমা উপজাতির বাস। তাদের নিজস্ব মোড় আছে, নিজেদের স্বকীয় কিছু আচার- ব্যবহার আছে। এই মানুষগুলো মনে করে : দেবতাখুমের কোন তল নেই, খুমের নিচে মাটি নেই। খুমের গভীরে দু'টো 'স্বর্ণ মাছ' বাস করে খুম সৃষ্টির পর থেকেই। মাঝে মাঝে তাদের দেখা যায়। তারা গ্রামবাসীর সৌভাগের প্রতীক, শক্তির প্রতীক, মাছগুলো তাদের মৎস দেবতা।
মানুষগুলো শিকার করে, মাছ ধরে, পাহাড়ের ঢালে কৃষিকাজ করে পুরো জীবনটা কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই পার করে দেয়।
ওহ.. হ্যাঁ, দেবতাখুমের গভীরতা মোটামুটি ত্রিশ ফুট।

কচ্ছপতলী পৌঁছে আমরা নিজেদের জামা- কাপড় বদলে নিলাম। ভারী জ্যাকেট আর জিন্স বদলে টিশার্ট আর থ্রি কোয়ার্টার ট্রাউজার। টেম্পারেচার তখন বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
আর্মি ক্যাম্পে সব ধরণের ব্যাসিক ইনফো আর কাগজপত্র জমা দেওয়া হলো। পুলিশ ফাঁড়িতে কাগজপত্র আগেই জমা দেওয়া হয়েছে। কচ্ছপতলীর একটা আদিবাসী পাড়ার মধ্য দিয়ে কিছুদূর এগিয়েই আবার টেরেক খাল। ওখান থেকেই আমাদের ট্র‍্যাকিং- এর শুরু।
দু'টো বড় পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে টেরেক খাল। পাহাড়ের গায়ে জন্মেছে পত্রঝরা আর চিরহরিৎ বৃক্ষ, বিশালাকৃতির ফার্ন আর পাহাড়ি কলাগাছ। আমরা কিছুক্ষণ খালের পানিতে পা ডুবিয়ে হাঁটছি আবার কিছুক্ষণ পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাচ্ছি।
একটা জায়গায় এসে পান্থ দাঁড়িয়ে গেলো, "ভাই, এই গাছগুলা দেখেন তো?"
আমি একটু ঝুঁকে এলাম। ফার্নের মতো দেখতে কিছুটা। পপি গাছ। আফিম।

পৌনে দুই ঘণ্টা ট্র‍্যাকিং- এর পর আমরা এসে পৌঁছলাম শিলাবদ্ধ পাড়ায়। এই সেই আদিবাসী গ্রাম। এটা পেরোলেই খুমের শুরু।
ছোট্ট গ্রামটাকে ঘিরে আছে নারিকেল গাছ। একটা বাঁশের টংঘরে বসে এক বৃদ্ধা গাছের ছায়ায় আয়েশ করে পাইপ টানছেন। দু'জন বাচ্চা আবার পোষা কুকুরের পিঠে ওঠা নিয়ে ঝগড়া বাঁধিয়েছে। আদিবাসী নারীদের কেউ তাঁত বোনায় ব্যস্ত আবার কেউ রান্না বান্নার কাজে ব্যস্ত। শিলাবদ্ধ পাড়ার শেষ প্রান্তে একটা বাঁশের মাচা। মাচায় বসে দেবতাখুমের পাহাড় দু'টোকে দেখতে দেখতে বোধ করি কয়েকটা বছর ক্লান্তিহীনভাবে অনায়াসে পার করে দেওয়া যায়। কিন্তু এরকম ভয়ানক সৌন্দর্যের কাছে বেশিক্ষণ থাকতে হয় না। আমরা শিলাবদ্ধ পাড়া থেকে নিচে নেমে এলাম।

শিলাবদ্ধ পাড়া থেকে নিচে নেমে আসতে গিয়ে বিপত্তি বাঁধালাম আমি। আমার অ্যাক্রোফোবিয়া আছে। সহজ বাংলায় যেটাকে বলে 'উচ্চতায় ভয়'। সরু একটা পাথর খোঁদাই করে বানানো লম্বা সিঁড়িটা বেয়ে নিচে নেমে আসতে বেশ কসরত করতে হলো আমাকে। আমার সীমাবদ্ধতা আমি এখানে অকপটে স্বীকার করছি।
নিচে, ভেজা ভেজা বালির ওপর একদল আদিবাসী ছেলে- মেয়ে খেলছে। আমাদের ইচ্ছা হলো, বাচ্চাগুলোর সাথে ছবি তুলবো। মং আঙ্কেল মারমা ভাষায় তাদেরকে ডাকলেন। ওরা আমাদের চারপাশে এসে জড়ো হলো। মং আঙ্কেল 'রে' বলেন আর ওরা খিলখিল করে হেসে ওঠে। আর আমরা ছবি তুলি। পরে মং আঙ্কেলের কাছ থেকে জেনেছিলাম, 'রে' মানে হলো হাসি।
ওখান থেকে দুই- তিন মিনিট হাঁটলেই একটা ঝুপড়ি মতো খাবার দোকান। সাথে ভেলা আর লাইফ জ্যাকেটের ব্যবস্থাও তারাই করে। আমরা খাবারের অর্ডার দিলাম। চারজনের জন্য লাইফ জ্যাকেট নিলাম। লাইফ জ্যাকেট পরে মং আঙ্কেলের সাথে হাঁটছি। এখান থেকে আরো কিছুদূর পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে যেতে হবে৷ তারপর টেরেক খাল ধরে নৌকায় চড়ে দেবতাখুম।
এই জায়গাটাতে টেরেক খালের পানির রঙ সবুজ আর নীলের মাঝামাঝি। খালের দু'পাশে পাহাড়। পাহাড়ের পাথুরে শরীরে জমে আছে শ্যাওলা। এই জায়গাটাকে খাল না বলে গিরিখাঁদের শুরু বললে বেশি উপযোগী হয়।
এখানেও পাহাড়ের গায়ে জন্মে আছে বিশালাকার ফার্ন আর পাহাড়ি কলাগাছ। এখানে ওখানে পাথুরে মাটি ভেদ করে ওঠা কিছু মাঝারি আকৃতির চিরহরিৎ বৃক্ষ। এর মাঝ দিয়ে চলতে চলতেই আমাদের নৌকা মূল খুমের সামনে একটা পাথুরে জায়গায় এসে ভিড়লো। এখান থেকে ভেলা নিয়ে এগোতে হয়।


আমরা যখন পৌঁছলাম, তখন সেখানে ভেলার সঙ্কট চলছে। একটা ভেলাও সেই পাথুরে ডাঙ্গায় ভেড়ানো নেই। আমাদের চারজনের পিছু পিছু সেখানে এসে পৌঁছলো ছয়জনের আরো একটা গ্রুপ। দুই জন নারী আর চারজন পুরুষ। পুরুষদের মধ্যে একজন বয়স্ক। লোকটা তার মাথার টাক কাউবয় হ্যাট দিয়ে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমার কেন জানি খুব হাসি পেলো। দেবতাখুমের সাথে কাউবয় হ্যাট বেমানান কিন্তু মাথার টাক বেমানান নয়। নিজের অপূর্ণতাকে স্বীকার করতে দোষের কিছু নেই। কিন্তু মানুষ কোন এক বিচিত্র কারণে নিজের অপূর্ণতাকে মেনে নিতে চায় না। তার দলের বাকি পাঁচজন যুবক- যুবতী। কিছুক্ষণ পর যখন পাথুরে ডাঙ্গায় একটা- দু'টো ভেলা ভিড়তে শুরু করলো তখন সেই ছয় জন তাড়াহুড়ো করে ছুটে গিয়ে ভেলাগুলো দখল করলো। আমরা হাসলাম।
অবশেষে প্রায় পৌনে এক ঘণ্টা পরে আমরা নিজেদের জন্য দু'টো ভেলা পেলাম। সালমান ভাই আর অয়ন উঠলেন একটাতে। আমি আর পান্থ অন্যটায়।
আমাদের চারজনের মধ্যে আমার জন্য এটা ভেলা চালানোর প্রথম অভিজ্ঞতা। আমি একদমই আনাড়ি। অয়ন আর পান্থ ভেলা না চালালেও তাদের কায়াকিং করার অভিজ্ঞতা আছে। আর সালমান ভাই এদিকে বেশ পুরোনো মানুষ। ছোটবেলায় কলাগাছের ভেলা বানিয়ে তাকে সেই ভেলায় চড়ে বর্ষাকালে স্কুলে যেতে হতো কীনা!

ভেলায় আমি বসেছি সামনে আর পান্থ পেছনে। প্রথম দশ পনেরো মিনিট আমাকে দাঁড় বাওয়ার ব্যাসিক শেখাতেই পার হয়ে গেলো। দাঁড় হিসেবে আমাদের হাতে আছে একটা করে চার ফুট লম্বা কাঁচা বাঁশ। ওগুলো দিয়েই খুমের শান্ত নীল পানি কেটে এগিয়ে চলেছি আমরা। আমাদের ওপর দেবতাখুমের দু'পাশের বিশাল পাহাড়দু'টোর ছায়া এসে পড়েছে।
খুমের শুরুর দিকের একটা প্রশস্ত অগভীর অংশে সবসময়ই ভেলার জ্যাম লেগে থাকে। কিছুটা এলাকার মোড়ের বাস স্টপেজের মতো অবস্থা। কেউ ভেলা থামিয়ে ছবি তুলছে। কেউ ফিরতি পথে ভেলা ঘোরাচ্ছে আবার কেউ আমাদের মতো খুমের ভেতরে প্রবেশ করছে।
আমার আর পান্থ- র ভেলা দুইবার অগভীর জায়গায় নিচের পাথরে আটকে গেলো। বেশ ধাক্কাধাক্কি করে, বেশ কায়দা করে ভেলার এই সমস্যা দূর করা হলো।

ভেলা এগিয়ে চলেছে দেবতাখুমের শান্ত নীল পানি কেটে। আমার আর পান্থ'র তখন অদ্ভুত নেশা পেয়ে বসেছে- সবুজের নেশা, স্বচ্ছ নীল পানির নেশা। আমরা দুইজন ভেলায় বসে হাঁটু অব্দি পা ডুবিয়ে দিয়েছি খুমের বরফশীতল পানিতে। খুমের শেষপ্রান্তে দুই পাহাড়ের মাঝে শেষ বাঁকটা অপার্থিব সুন্দর। এই সৌন্দর্য লিখে বা বলে প্রকাশ করা অসম্ভব। কিছু সৌন্দর্য শুধু দেখেই বোঝা যায়, উপলব্ধি করা যায়। সেইসব সৌন্দর্যকে লিখে বা বলে প্রকাশ করার ক্ষমতা সৃষ্টিকর্তা মানুষকে দেন নি।
আমি আর পান্থ সালমান ভাইদের সাথে দেবতাখুমের শেষ বাঁকটার কাছে গিয়ে একসাথে হলাম। দু'টো ভেলা পাশাপাশি রেখে চারজন একসাথে সামনে এগিয়ে যাই আর মুগ্ধ চোখে দেবতাখুম দেখি।

খুমের শেষ প্রান্তে গিয়ে সালমান ভাই পাথরে ভেড়ানো আরেকটা ভেলা নিলেন। আমি আর পান্থ একটা ভেলায় আর অয়ন- সালমান ভাই ভিন্ন দু'টো ভেলায়। আমাদের গাইড মং আঙ্কেল অন্য ভেলা থেকে তাড়া দিচ্ছেন বারবার। আমাদের ফিরতে হবে।
ভেলা থেকে পাথুরে ডাঙ্গায় নামবার পর আমি আর পান্থ বুঝতে পারলাম কী ভুলটা করেছি! ঠাণ্ডা পানিতে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখায় আমাদের দুই জনের পা অসাড় হয়ে গিয়েছে। আমি দাঁড়াতেই পারছিলাম না। নৌকায় টেরেক খালের অংশটুকু পেরোবার পর খাবারের দোকানে পৌঁছানোর পথটুকুতেই আমি আবার বিপত্তি বাঁধালাম। ঠাণ্ডায় জমে যাওয়া পা আর চলে না। মং আঙ্কেল আমাকে ধরে ধরে পাহাড়ের ঢালটুকু পার করালেন।

খাবারের দোকানটায় পৌঁছে লাকড়ির চুলার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের ভেজা জামাকাপড় শুকোলাম। আগুনের কাছে যাওয়ার পর আমার পায়ের স্নায়ু কাজ করতে শুরু করেছে৷ আমরা হাত মুখ ধুয়ে খেতে বসলাম। খাবারের অর্ডার ছিলো- সাদাভাত, সেদ্ধ ডিম, সবজি, ডাল আর আলুভর্তার। খাবার যখন সার্ভ করা হলো টেবিলে, আমরা চারজন মুখ চাওয়াচাওয়ি করছি। দেশি মুরগি তো আমাদের অর্ডারে ছিলো না। তখন মং আঙ্কেল মুচকি হাসলেন, "ভাইয়া, এগুলা আপনারা খান। এগুলা আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট গিফট। আপনারা ভালো মানুষ।"
মানুষটার কথা শুনে আমরা হাসলাম। খেতে বসে আমাদের আড্ডা জমে উঠলো। মং আঙ্কেলের সালমান ভাইকে খুব পছন্দ হয়েছে। তিনি হাসছেন আর আবদুল্লাহ সালমান নামের গোলগাল থলথলে মানুষটাকে কিছুক্ষণ পরপর 'ইস্পাত ভাই' বলে ডাকছেন।

আমরা যখন কচ্ছপতলী আর্মি ক্যাম্পে ফিরে এলাম তখন সন্ধ্যা পৌনে ছয়টা। ডিসেম্বরের বিকেল খুব দ্রুত ফুরিয়ে যায়। হঠাৎ করেই বঙ্গদেশে অন্ধকার নামে। ট্র‍্যাকিং এর কিছু পথ আমাদেরকে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ফিরে আসতে হয়েছে। ক্যাম্পে বসে থাকা মিলিটারি আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকালেন, "ফিরে আসার সময় কখন ছিলো আপনাদের?"
মং আঙ্কেল কাচুমাচু মুখে বললেন, "সাড়ে পাঁচটা।"
"পনেরো মিনিট লেইট কেন?"
সালমান ভাই হাসি হাসি মুখে বললেন, "আমরা ঠিকঠাক পাহাড় বাইতে পারি না তো..."
চেকপোস্টে বসে থাকা গোমড়ামুখো আর্মি সদস্য হো হো করে হাসতে শুরু করলেন।
আমাদের ফিরতে হবে। কচ্ছপতলী থেকে বান্দরবান। সেখান থেকে কোন একটা বাস ধরে চট্টগ্রাম। রোয়াংছড়ি থেকে বান্দরবানের উদ্দেশ্যে শেষ বাসটা অনেক আগেই ছেড়ে গিয়েছে। মং আঙ্কেল আমাদেরকে কচ্ছপতলী থেকে বান্দবান শহর পর্যন্ত একটা মাহিন্দ্রা ঠিক করে দিলেন।

আমরা যখন মাহিন্দ্রায় চড়ে বসবো তখন আমি মং আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, "আঙ্কেল, তারা'কে মারমা ভাষায় কী বলে?"
"ক্রে।"
আমি এক লাফে মাহিন্দায় উঠে বসলাম।
মাহিন্দ্রা ছেড়ে দিয়েছে৷ মং আঙ্কেল এক আকাশ তারার নিচে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে হাত নেড়ে নেড়ে চোখ মুছছেন, "ভাইয়া, আবার আসবেন পারলে। ভালো থাকবেন খুব।"
কেন জানি না, মাত্র একদিনের পরিচিত মধ্যবয়ষ্ক মানুষটার জন্য আমার চোখের কোণ ভিজে উঠলো। মানুষের মন বড় অদ্ভুত। এই মনে কোন যুক্তি খাটে না। যুক্তিতে সবকিছু হয় না বোধহয়!
এবার বাড়ি ফিরতে হবে।

আমি এবং আমি....................আ, ন, ম, শাহরিয়ার জাওয়াদ

আমি এবং আমি....................আ, ন, ম, শাহরিয়ার জাওয়াদ
তিন ফুট লম্বা ঘাসের ভেতর ঘাপটি মেরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি। ঘুটঘুটে অন্ধকার। চারদিকে মশা পিনপিন করছে। মূর্তির মতো বসে জঙ্গলের মশার কামড় সহ্য করতে হচ্ছে। হাত নাড়িয়ে চারপাশের মশা তাড়াতে গেলেই ঘাসের বন নড়ে উঠবে। আর ঘাসের বন নড়ে উঠলেই যেকোনো নিশাচর শ্বাপদের চোখে পড়ে যাবো খুব সহজেই।